নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। নাশকতার আশঙ্কায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই ১১৮ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকে নজরদারিতে ছিল এনএসআই, এসবি ও ডিজিএফআইয়ের সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে তদারকি চালানো হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরেজমিনে দেখা গেছে, শাহবাগ, ধানমন্ডি ৩২ নম্বর, মতিঝিল ও উত্তরাসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল জামায়াত, ছাত্রশিবির ও ছাত্রশক্তিসহ বিভিন্ন রাজনৈতিক দল। গোয়েন্দা তথ্যানুযায়ী, দলটির কেন্দ্রীয় কাঠামো ভেঙে পড়ায় এবং শীর্ষ নেতারা পলাতক থাকায় তারা মাঠে কার্যকর কোনো অবস্থান তৈরি করতে পারেনি। বর্তমানে জনজীবন স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত আছে।
আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকাসহ সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে। বর্তমানে জনজীবন স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ