জ্বালানি খাতে লুটপাট অব্যাহত থাকলে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে শুরু হওয়া এক হারিকেন মিছিল শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। মিছিলটি শাহবাগ হয়ে পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে জ্বালানির দাম আর বাড়ানো হবে না। কিন্তু সাধারণ মানুষ যখন ঈদের আনন্দ ও প্রস্তুতিতে ব্যস্ত, তখন রাতের আঁধারে পুনরায় তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সরকার বারবার দাম বাড়ালেও সাধারণ মানুষের কথা একবারও ভাবছে না।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমান সরকারও জ্বালানি খাতে লুটপাটের পথে হাঁটছে, যার মাশুল দিতে হচ্ছে জনগণকে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করার চেয়ে তিনি নিজের পিআর কার্যক্রম নিয়ে বেশি ব্যস্ত। তার কর্মকাণ্ড দেখে মনে হয় তিনি কেবল নির্দিষ্ট কিছু এলাকার মানুষের প্রধানমন্ত্রী হতে চান।
জুলাই অভ্যুত্থান ও ইসলামী ব্যাংক প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনার পরিবর্তে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার জনগণের স্বার্থে কাজ করলে তারা ইতিবাচক থাকবেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উক্ত কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে জাতীয় যুবশক্তি। মিছিলে বক্তারা জ্বালানি খাতের লুটপাট বন্ধ ও জনগণের ভোগান্তি কমানোর দাবি জানিয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন।



0 মন্তব্যসমূহ