কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে মাদকের বিস্তার রোধে দ্বিতীয় দিনের মতো গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে বালারহাট বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গণমিছিলটি বালারহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক স্লোগান দেন। মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য অলিউর রহমান নয়ন। বক্তব্যে মুসাব্বের আলী মুসা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে এবং জনসচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে একই দিন বিকেলে ইউনিয়নের কুরুষাফেরুষা মহাসিনের বাজার এবং গজেরকুটি খলিশাকোঠাল এলাকার বাদশা বাজারে মাদকবিরোধী এক মানববন্ধন পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ হোসেন নুলু, মাদক প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সোহেল হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রেজাউল ইসলাম রেজা, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এবং সাবেক ইউপি সদস্য আমিন ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা মাদক প্রতিরোধ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এমন গণসচেতনতামূলক কর্মসূচি পালিত হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির এই উদ্যোগে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেন।



0 মন্তব্যসমূহ