ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্প্রসারণ ও সম্ভাব্য চুক্তি নিয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানকে ঘিরে সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বৈঠক শেষে কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানকে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং সেখানে পেতে রাখা মাইন ধ্বংস করার শর্ত দিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের দাবি, উভয় দেশ যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকের খসড়ায় একমত হয়েছিল। তবে এটি কার্যকর হওয়ার জন্য ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা এবং বর্তমানে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা চলছে না। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় কিছু ভাষাগত মতপার্থক্য থাকলেও সমঝোতার আশা প্রকাশ করেছেন। তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, কার্যকর পদক্ষেপ ছাড়া তারা কোনো আশ্বাসে বিশ্বাসী নন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা চলছে। এর মধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সর্বশেষ কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড, যাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি নিয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে অনড় অবস্থানে রয়েছে উভয় পক্ষ।



0 মন্তব্যসমূহ