রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় পুলিশের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালেই এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল।
জানা গেছে, কোনো পূর্ব নোটিশ ছাড়া আকস্মিক উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর হামলা চালান। ভুক্তভোগী সাংবাদিক নেহাল আহমেদ প্রান্ত জানান, বস্তিবাসীরা নোটিশ না পাওয়ার অভিযোগ করলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তা নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। প্রান্তকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানো এবং জুতা দিয়ে লাথি মারা হয়। সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গেলে তাসবির ইকবালের ওপরও একযোগে হামলা চালায় পুলিশ।
হামলার সময় ফেসবুক লাইভ সচল থাকলেও পুলিশ সদস্যরা উগ্র আচরণ অব্যাহত রাখেন এবং সাংবাদিকদের ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আহত সাংবাদিক নেহাল আহমেদ প্রান্ত তার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, তাকে রাস্তায় ফেলে অমানবিকভাবে পেটানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় পুলিশের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। ফেসবুক লাইভ চলাকালেই তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও হেনস্তা করা হয়।



0 মন্তব্যসমূহ