শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান শিখিয়েছেন কীভাবে কাজের মাধ্যমে দেশ গঠন করতে হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। তিনি নেতাকর্মীদের শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ করেন। তিনি আরও বলেন, দেশের স্বচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে দ্রুতই জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে। এর আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শহর পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, বরং নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। পরিবেশ সুন্দর রাখতে এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব পেয়েছে এবং জনগণের সহযোগিতায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন তিনি।



0 মন্তব্যসমূহ