চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে গত সোমবার রাতে মামলাটি করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা প্রদান, সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচলে বাধা দিতে সন্ত্রাসীরা অন্তত চারটি স্থানে রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরি করে। তবে যৌথ বাহিনীর তাৎক্ষণিক অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ৯ মার্চ এক বিশেষ অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেখানকার আলীনগর উচ্চবিদ্যালয়ের একটি ভবনে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও র্যাবের সদস্যদের জন্য ক্যাম্প স্থাপন করা হয়। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই এলাকা পরিদর্শনের কথা রয়েছে। তার সফরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হচ্ছে বিজিবি।



0 মন্তব্যসমূহ