বিশ্বজুড়ে আলোচিত হরর সিনেমা ‘অবসেশন’ গত ২৯ মে ভারতে মুক্তি পেয়েছে। তবে মুক্তির পরপরই সিনেমাটির কিছু দৃশ্য কাটছাঁট করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য সনদ দিলেও বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
সিবিএফসির তথ্য অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫০ মিনিট। বোর্ড মোট ৩৮ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে ২৪ সেকেন্ডের চরম সহিংসতার দৃশ্য এবং ১৪ সেকেন্ডের যৌনদৃশ্য রয়েছে। এছাড়া একটি নগ্নতার দৃশ্যও পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এবং ধূমপান ও মদ্যপানের দৃশ্যে সতর্কবার্তা যুক্ত করা হয়েছে।
প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সিনেমায় এমন কাটছাঁটের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘এ’ সার্টিফিকেট দেওয়ার পর দৃশ্য কাটার যৌক্তিকতা নিয়ে। দর্শকদের দাবি, বাদ দেওয়া অংশগুলো গল্পের গুরুত্বপূর্ণ মোড় বোঝার জন্য প্রয়োজনীয় ছিল।
পরিচালক কারি বারকারের এই মনস্তাত্ত্বিক হরর ছবিতে অভিনয় করেছেন ইন্ডে নাভারেতে, কুপার টমলিনসন ও মাইকেল জন্সটন। গল্পের কেন্দ্রে রয়েছে একজন মিউজিক স্টোর কর্মীর ভালোবাসা পাওয়ার মরিয়া চেষ্টা, যা এক সময় ভয়ংকর ও অতিপ্রাকৃত রূপ নেয়। সেন্সর বিতর্ক থাকলেও সমালোচকদের কাছে ছবিটি ইতিবাচক প্রশংসা পেয়েছে।
বিশ্বজুড়ে আলোচিত হরর সিনেমা অবসেশন ভারতে মুক্তি পেলেও দৃশ্য কাটছাঁট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রাপ্তবয়স্কদের সনদ পাওয়ার পরও দৃশ্য বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা।



0 মন্তব্যসমূহ