কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের মাধ্যমে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া পাহারায় প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এই রায় প্রদান করেছেন। ১৮ জন আসামির মধ্যে ১২ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করে। তদন্ত শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। এই রায়ে নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কক্সবাজারের আদালত আজ এই রায় ঘোষণা করেন।
সূত্র: ttn news Cox's Bazar


0 মন্তব্যসমূহ