ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় বুধবার (২৭ মে) একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই স্থাপনাটি হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি ছিল।
সংবাদ সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার পাশাপাশি একই ধরনের হুমকি সৃষ্টি করা বেশ কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কোন এলাকায় বা কোন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, এই হামলার খবর আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন নাকচ করে দেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শান্তিচুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌচলাচল নিয়ন্ত্রণ করবে।
এর আগে গত সোমবার (২৫ মে) ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান ওই ঘটনাকে দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তার অজুহাতে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন ভূপাতিত করার পাশাপাশি একটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র।



0 মন্তব্যসমূহ