নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর আনোয়ারা থানার উপপরিদর্শক এসআই মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রবি, আসিফুল ইসলাম বাপ্পি, এ কে খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা মো. ইয়াছিন ও রেজাউল করিম চৌধুরী আনিসসহ আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলার ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আটজনকেও এই মামলায় আসামি করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ নভেম্বর আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয় এবং একই দিন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকার সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়। এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে রাষ্ট্রের ক্ষতিসাধনের উদ্দেশ্যে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের অনেকে দেশের বাইরে অবস্থান করলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং অর্থের জোগান দিয়ে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার বাদী এসআই মো. মনির হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের চেষ্টার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।



0 মন্তব্যসমূহ