প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে মানবিকতা, পারস্পরিক সহমর্মিতা এবং মানুষের জন্য মানুষের ভালোবাসা মূল পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে মোট সাতটি ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে কড়াইলের আগুনে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র মারা যান এবং অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। এই দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের নির্দেশ দেন এবং তাঁদের ঘর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি নেতারা।
কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেছেন ডা. জুবাইদা রহমান। এ সময় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।



0 মন্তব্যসমূহ