Recents in Beach

ব্রেকিং নিউজ

যানজট কমাতে আনোয়ারা-বাঁশখালী ৫৮ কিমি সড়ক প্রশস্তে ১১৮৩ কোটি টাকার উদ্যোগ

যানজট কমাতে আনোয়ারা-বাঁশখালী ৫৮ কিমি সড়ক প্রশস্তে ১১৮৩ কোটি টাকার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

যানজট নিরসন, জনদুর্ভোগ কমানো এবং চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগব্যবস্থায় বিকল্প পথ তৈরির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের প্রস্তাবিত এ প্রকল্পে সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করা হবে। পাশাপাশি রাস্তার দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট ফুটপাত বা সাধারণ মানুষের চলাচলের পথ রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সড়কের পাশে থাকা মসজিদ, মন্দির, দোকানপাট ও বাড়িঘরের তালিকা প্রণয়নের কাজ চলছে। তবে আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশে এ প্রক্রিয়া চলছে ধীরগতিতে। দ্রুত ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের জন্য দোহাজারী সড়ক বিভাগ থেকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়। প্রস্তাবটি ইতোমধ্যে ঢাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারা থেকে বাঁশখালী, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসেবে সড়কটি উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থায় এটি মাইলফলক হয়ে থাকবে। বাঁশখালী উপজেলা হয়ে কক্সবাজারের দূরত্ব কমবে। পাশাপাশি এ সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এর ফলে লাখ লাখ মানুষ যোগাযোগের সুবিধা ভোগ করবেন।

স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ বাঁশখালীর মানুষের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে।

সব মিলিয়ে ১ হাজার ১৮৩ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাঁশখালী অংশের ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মহাসড়কটি প্রশস্ত ও উন্নীত করা হলে চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগে বিকল্প পথ তৈরি হওয়ার পাশাপাশি যানবাহনের চাপ ও জনদুর্ভোগ কমাতে সহায়ক হবে।

সংক্ষেপে:
আনোয়ারার কালাবিবির দিঘি থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮.২০ কিলোমিটার সড়ক ১১৮৩ কোটি টাকা ব্যয়ে প্রশস্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাঁশখালী অংশে ৩০.৪০ হেক্টর জমি অধিগ্রহণে ধীরগতির অভিযোগ রয়েছে।
যানজট কমাতে আনোয়ারা-বাঁশখালী ৫৮ কিমি সড়ক প্রশস্তে ১১৮৩ কোটি টাকার উদ্যোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ