চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ পৃথক দুটি মামলায় পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলা এবং সম্প্রতি অস্ত্র উদ্ধারের ঘটনায় আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্র উদ্ধারের একই মামলায় ইমনের সহযোগী মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস ও শামীমসহ আরও চার সহযোগীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি ও হামলার মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম। সন্ত্রাসী ইমনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত পাড়ায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
গত বুধবার ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর থেকে ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত ইমনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ফটিকছড়ির কাঞ্চননগরের এই বাসিন্দা পরবর্তীতে অপরাধ জগতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়ে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এছাড়া নগরের বাকলিয়া ও পতেঙ্গা এলাকায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যা ও অস্ত্র মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই আদেশ দেওয়া হয়। আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


0 মন্তব্যসমূহ