নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের অভিযোগ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান তুর্যের ওপর হামলাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে বাঁশখালী তৃণমূল বিএনপি পরিবারের আয়োজনে এবং সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ও জাতীয়তাবাদী নাগরিক পরিষদ-বাঁশখালী শাখার যৌথ সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ১৯৮৩ সালে বৃহত্তর চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয়।
বাঁশখালী তৃণমূল বিএনপি নেতা ও সাংবাদিক মুহাম্মদ জসীম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা ও চট্টগ্রাম জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবুল কাসেম চৌধুরী।
জাতীয়তাবাদী নাগরিক পরিষদ-বাঁশখালী শাখার সভাপতি মোহাম্মদ কাউছারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাঁশখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম, সাধনপুর ইউনিয়ন বিএনপির নেতা ইব্রাহিম খলিল চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা প্রকৌশলী আরমানুল হক সোহেল, জাতীয়তাবাদী নাগরিক পরিষদ-বাঁশখালী শাখার সহসভাপতি মো. আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মাজেদ, বাঁশখালী উপজেলা শ্রমিক নেতা মোহাম্মদ মিন্টু ও ছাত্রদল নেতা মো. ইকবাল হোসেন হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুস সালাম, মো. রনি, মোহাম্মদ আসমান, ফোরকান আহমদ, মোহাম্মদ আজিম, জাফর আহমদ, মো. দিদারুল ইসলাম, মো. সোহেল, মো. রকিবুল ইসলাম ও বৈলগাঁওয়ের যুবনেতা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যে জড়িত রয়েছেন। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
পাশাপাশি চট্টগ্রামের বরেণ্য রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের ছেলে, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান তুর্যের ওপর পরিকল্পিত হামলাচেষ্টার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নাশকতার অভিযোগ ও সংসদ সদস্য সাইদ আল নোমান তুর্যের ওপর হামলাচেষ্টার প্রতিবাদে বাঁশখালীর বাণীগ্রাম নতুন বাজারে তৃণমূল বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



0 মন্তব্যসমূহ