ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ বাদে বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে আয়োজিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এবারের ভর্তি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, যার মধ্যে ১০০ নম্বর থাকবে ভর্তি পরীক্ষায় এবং বাকি ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর নির্ধারিত হবে। বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৮.০০ এবং কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭.৫০ থাকতে হবে। চারুকলা ইউনিটের জন্য ন্যূনতম জিপিএ প্রয়োজন ৬.৫০। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন ক্লাস ২০২৭ সালের ২৮ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর। বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের জন্য থাকছে আলাদা প্রশ্নপত্র। জেনে নিন ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত তথ্য।



0 মন্তব্যসমূহ