জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির মূলে রয়েছে বিএনপি। রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাইয়ের সংকট ও রাজনৈতিক বিভাজন মূলত বর্তমান ক্ষমতাসীনদের কারণেই সৃষ্টি হয়েছে। ক্ষমতায় আসার আগে তারা জুলাই সনদের সংস্কারসহ অনেক প্রতিশ্রুতি দিলেও এখন তা বাস্তবায়ন করছেন না। তিনি আরও উল্লেখ করেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ওই অঞ্চলের কোনো প্রতিনিধি ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের জবাবদিহিতা না থাকায় এমনটি সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেন।
আলোচনা সভায় এনসিপিকে পাহাড় ও সমতলের সবার দল হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিশেষ গুরুত্ব দেবে তার দল। এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান এবং কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মনজিলা ঝুমা।
জুলাই পরবর্তী রাজনৈতিক বিভাজনের জন্য বিএনপি ও বর্তমান সরকারকে দায়ী করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি পাহাড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও জবাবদিহিতার দাবি জানান।



0 মন্তব্যসমূহ