চট্টগ্রামের বাঁশখালীতে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজের ছেলে ও মেয়ের লাঠির আঘাতে মো. শাহজাহান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের নিদা গাজীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী ছেলে মো. বোরহান মিয়া ওরফে শওকতের পরামর্শে বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন শাহজাহান। তবে শওকত দেশে ফিরে পরিবারকে না জানিয়ে বিয়ে করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করলে ঋণের কিস্তি দেওয়া নিয়ে শাহজাহান আর্থিক সংকটে পড়েন। সোমবার রাতে এই বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহজাহান তার মেয়ে রুবি আক্তার অভি ও পুত্রবধূকে চড় মারলে ক্ষিপ্ত হয়ে ছেলে শওকত ও মেয়ে অভি কাঠের বাটাম দিয়ে বাবার মাথায় ও শরীরে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে প্রথমে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। অভিযুক্ত বোরহান মিয়া একজন ওমান প্রবাসী এবং রুবি আক্তার একজন পোশাক শ্রমিক।
কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, কথা-কাটাকাটির এক পর্যায়ে মেয়ে ও পুত্রবধূকে চড় মারলে ছেলে ও মেয়ে মিলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাঁশখালীতে ঋণের কিস্তি নিয়ে ঝগড়ার জেরে ছেলে ও মেয়ের লাঠির আঘাতে মো. শাহজাহান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।



0 মন্তব্যসমূহ