চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই দিনে এই রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং আবদুল মতিন নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তাকে টেক্সটাইল মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে বৃহস্পতিবার রাতে প্রথম কয়েকজনের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজন ভর্তি হয়েছেন বলে জানা গেছে। মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাতুল হালদার জানান, আক্রান্তরা সবাই একই এলাকার বাসিন্দা এবং প্রাথমিকভাবে এটি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বলে ধারণা করা হচ্ছে। কলোনির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পানির ট্যাংক থেকে সরবরাহ করা পানি ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি ওই ট্যাংকে মৃত ইঁদুর পাওয়া গেছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানিয়েছেন, ওই এলাকায় ওয়াসার কোনো সংযোগ নেই। চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন কর্মকর্তাদের সেখানে পাঠানো হবে।
চট্টগ্রাম নগরের বায়েজিদে ডায়রিয়ার প্রাদুর্ভাবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দূষিত পানি ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



0 মন্তব্যসমূহ