চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণ করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সন্ন্যাসীরহাট সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের একটি জমিতে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক ধানের চারা রোপণের কাজ করছিলেন। আগে থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও শ্রমিকরা তা খেয়াল করেননি। কাজ করার সময় মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক অক্ষত অবস্থায় রক্ষা পান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম জানান, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকার বিষয়টি শ্রমিকরা বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।



0 মন্তব্যসমূহ