সারা দেশে চলমান ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দ্রুত মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন যাতে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা যায়। তিনি শুধু সরকারপ্রধান হিসেবেই নয়, বিএনপির চেয়ারম্যান হিসেবেও দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের দুর্গত এলাকায় উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদী আমিন জানিয়েছেন, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ১০ দফা নির্দেশনা দিয়েছেন। তার সরাসরি তত্ত্বাবধানে দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, বন্যাদুর্গতদের জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সারা দেশে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন ও নেতাকর্মীদের দ্রুত মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ