ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পদচারী–সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে লরিটির কেবিন অংশ সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাশেম জানান, লরিটি চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ বোঝাই করে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত একেএস স্টিল মিলে যাচ্ছিল। ফৌজদারহাট পদচারী-সেতুতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সামনের কেবিনের অংশটি পুরোপুরি ভস্মীভূত হয়।
এসআই মো. হাশেম আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লরিটি সরানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের সময় ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে একটি লেন চালু করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইমরুল কাদের ভূঁইয়া জানান, বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে গাড়িটি কারখানায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য কারখানা থেকে প্রকৌশলী পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে স্ক্র্যাপবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লরির কেবিন পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।



0 মন্তব্যসমূহ