চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যার পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ইউনিয়নের মধ্যম ইলশার শীলপাড়া ও ইউসুফ মাঝির বাড়িসহ বিভিন্ন এলাকায় গত বুধবার থেকে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন শত শত মানুষ। বিশেষ করে রান্নার জায়গা ও ঘরের মেঝে তলিয়ে যাওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এমন পরিস্থিতিতে পানিবন্দী ৫০টি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম বন্ধুসভা। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় রোববার দুপুরে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, গুড়, মোমবাতি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নাপা।
ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মধ্যম ইলশার শীলপাড়ার বাসিন্দা সুকুমার শীল। তিনি জানান, গত কয়েকদিন ধরে ঘরের ভেতর পানি জমে থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। একইভাবে ইউসুফ মাঝির বাড়ির বাসিন্দা মোহাম্মদ শওকত জানান, টানা পাঁচ দিন ধরে ঘরে পানি থাকায় কাজে যেতে পারছেন না এবং পরিবারের খাবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
বন্ধু সাঈদ আল সোহেল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্ব। পানি না নামা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা। বন্যার্তদের সহায়তায় আগ্রহী ব্যক্তিরা প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে ব্যাংক বা বিকাশের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন। ঢাকা ব্যাংকের কারওয়ান বাজার শাখার হিসাব নম্বর ২০৭২০০০০১১১৯৪ অথবা বিকাশ মার্চেন্ট নম্বর ০১৭১৩০৬৭৫৭৬-এ সহায়তা পাঠানো যাবে।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে বন্দি ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করেছে চট্টগ্রাম বন্ধুসভা। প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগে বন্যার্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।



0 মন্তব্যসমূহ