রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বিপন্ন প্রজাতির দুটি ঢাঁই মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ও হরিরামপুর এলাকায় জেলেদের জালে ধরা পড়া মাছ দুটির সম্মিলিত ওজন প্রায় ১৪ কেজি। মাছ দুটি শেষ পর্যন্ত ৬৯ হাজার টাকার বেশি দামে চট্টগ্রামের এক প্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় এক জেলের জালে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ঢাঁই মাছ ধরা পড়ে। প্রায় একই সময়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা মালোচি এলাকার জেলে পরান হালদারের জালে ধরা পড়ে ৩ কেজি ওজনের আরেকটি মাছ। বড় মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট বাজারের ইউনুস মণ্ডলের আড়তে তোলা হলে নিলামে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় কিনে নেন ব্যবসায়ী শাহজাহান শেখ। ছোট মাছটি আনু খাঁর আড়ত থেকে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি। মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছ দুটি কেনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। পরে চট্টগ্রামের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরী মাছ দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। শাহজাহান শেখ বড় মাছটি ৫৮ হাজার ৩২০ টাকায় এবং ছোট মাছটি ১০ হাজার ৯৫০ টাকায় ওই প্রবাসীর কাছে বিক্রি করেন। দুপুরে মাছ দুটি চট্টগ্রামের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া বিরল প্রজাতির দুটি ঢাঁই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় ১৪ কেজি ওজনের মাছ দুটি কিনেছেন চট্টগ্রামের এক প্রবাসী। বিস্তারিত জানুন সংবাদে।



0 মন্তব্যসমূহ