বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পতিত শক্তি পুনরায় দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণকে সাথে নিয়ে সকল ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের উসকানিমূলক তৎপরতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে রিজভী আরও অভিযোগ করেন, বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যবহার করে পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ এবং কোনোভাবেই দেশকে দিল্লির গোলাম বানানো যাবে না।
নয়াপল্টনে বিএনপির মিছিলে রুহুল কবির রিজভী বলেন, পাচার করা টাকা দিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সব অপতৎপরতা রুখে দেওয়া হবে এবং ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।



0 মন্তব্যসমূহ