গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু অথবা টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ‘ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে খোলাবাড়ী পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, এই সেতু নির্মিত হলে বাহাদুরাবাদ-জামালপুর রুটে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা রংপুর বিভাগের আট জেলার অর্থনৈতিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে হিলি, সোনাহাট ও চিলাহাটি স্থলবন্দরের পণ্য দ্রুততম সময়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। এতে পণ্য পরিবহন খরচও অনেকটা কমে আসবে।
কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, নদী শাসনের মাধ্যমে প্রস্তাবিত এই সেতুর দৈর্ঘ্য হবে মাত্র সাড়ে চার কিলোমিটার। দেশের অন্যান্য নদীতে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও ব্রহ্মপুত্র নদ এখনো অবহেলিত। যথাযথ নদী শাসনের মাধ্যমে সুন্দরগঞ্জ, রাজিবপুর, ফুলছড়ি ও চিলমারীর চরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে উত্তরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
কমিটির সাধারণ সম্পাদক জে. এইচ. মুজকুরী অনুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম লেবু, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, আজিজার রহমান, আব্দুল হালিম এবং অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। বক্তারা অবিলম্বে এই সেতু বা টানেল নির্মাণের লক্ষ্যে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ব্রহ্মপুত্র নদে বালাসী-খোলাবাড়ী সেতু বা টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়ন ও পণ্য পরিবহনে গতি আনতে এই দাবি জানান বক্তারা।



0 মন্তব্যসমূহ