জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, অত্যন্ত আন্তরিক ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও উভয় পক্ষ বিস্তারিত কথা বলেন।
বৈঠকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমর্থন ভবিষ্যতে আরও বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।



0 মন্তব্যসমূহ