দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু সফলভাবে ৪ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল বাবদ আয় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা। পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হয়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতির সঞ্চার হয়েছে। যাতায়াত সহজ হওয়ায় এই পথে ধারাবাহিকভাবে যানবাহন চলাচলের সংখ্যা বাড়ছে। সেতু বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে প্রতি বছরই এই সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন থেকে ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়। ২০২৩ সালে যানবাহন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে এবং টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা। ২০২৫ সালে রেকর্ড সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা। চলতি ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন থেকে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা টোল সংগৃহীত হয়েছে। সামগ্রিকভাবে ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০২২ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং পরদিন থেকে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
স্বপ্নের পদ্মা সেতু সফল ৪ বছর পূর্ণ করল। এই সময়ে ২ কোটি ৬৭ লাখ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি। যোগাযোগ ও অর্থনীতিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।



0 মন্তব্যসমূহ