প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন এবং সেখানে তাঁর সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’ উদযাপনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।
এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সামার দাভোস ফোরামে অংশ নেবেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।



0 মন্তব্যসমূহ