বিশ্ব সামরিক প্রযুক্তিতে নতুন এক চাঞ্চল্যকর দাবি তুলেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় ও আধুনিক স্টেলথ বোমারু বিমান বি-২ স্পিরিটকে মাঝ আকাশে শনাক্ত করেছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম। রাডার ফাঁকি দিতে সক্ষম এই 'অদৃশ্য' যুদ্ধবিমানটির অবস্থান ও গতিপথ ট্র্যাক করার এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ১ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে চারটি বি-২ বোমারু বিমান সক্রিয় ছিল। চীনের হাংঝৌভিত্তিক প্রতিষ্ঠান জিংগান টেকনোলজি দাবি করেছে, তাদের যুদ্ধ পর্যবেক্ষণ সিস্টেম এই বিমানগুলোর রেডিও সিগন্যাল শনাক্ত করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, এআই সিস্টেমটি স্যাটেলাইট ডেটা, ওপেন সোর্স তথ্য এবং সামরিক গতিবিধি বিশ্লেষণ করে বিমানগুলোর সম্পূর্ণ ফ্লাইটপথ পুনর্গঠন করেছে বলেও জানানো হয়েছে।
জিঙ্গান টেকনোলজির পক্ষ থেকে আরও বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি থেকেই তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি ও সেনা মোতায়েনের অস্বাভাবিক বৃদ্ধি পর্যবেক্ষণ করছিল। সাউথ চায়না মর্নিং পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ১ মার্চ বি-২ বিমানের গতিবিধি বিশেষভাবে ট্র্যাক করা হয় এবং অভিযান শেষে ফেরার সময়ও সেগুলোর রেডিও ট্রান্সমিশন ধরা পড়ে।
উল্লেখ্য, বি-২ স্পিরিট যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ও উন্নত স্টেলথ বোমারু বিমান, যা ইরাক ও আফগানিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি চীনের এই দাবি সত্য হয়, তবে তা বিশ্ব সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে। তবে অনেক বিশেষজ্ঞ এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কারণ, চীন এখন পর্যন্ত তাদের এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করেনি। ফলে এটি প্রযুক্তিগত সাফল্য নাকি নিছক কৌশলগত প্রচারণা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মার্কিন অদৃশ্য বি-২ বোমারু বিমান শনাক্তের দাবি করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই অসাধ্য সাধনের দাবি ঘিরে বিশ্ব সামরিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।



0 মন্তব্যসমূহ