যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২১৫-২০৮ ভোটে অনুমোদিত হয়। ডেমোক্র্যাটদের আনা এই বিলের পক্ষে রিপাবলিকান পার্টির চারজন সদস্যও ভোট দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধকালীন ক্ষমতায় নিয়ন্ত্রণ আনতে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।
কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যাতে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সহিংসতা উসকে দিতে না পারেন, সেই লক্ষ্যেই এই বিলটি আনা হয়েছে। বিলের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যদের মধ্যে রয়েছেন থমাস ম্যাসি, ব্রায়ান ফিৎজপ্যাট্রিক, টম ব্যারেট ও ওয়ারেন ডেভিডসন। মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট জানান, যুদ্ধ ঘোষণার একমাত্র এখতিয়ার কংগ্রেসের এবং এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। নিজের বিবেক অনুযায়ী ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি যেকোনো পরিণতির জন্য প্রস্তুত বলে জানান।
অন্যদিকে, কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস এই ভোটাভুটিকে ট্রাম্পের পরিচালিত ব্যয়বহুল যুদ্ধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, এই যুদ্ধের ফলে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং পারমাণবিক কর্মসূচির কূটনৈতিক সমাধান আরও জটিল হয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়া এই বিলটি এখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। তবে বিশ্লেষকদের মতে, সিনেটে পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন। সেক্ষেত্রে বিলটি কার্যকর করতে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যৌথ সমর্থনে পাস হওয়া এই বিলটি এখন সিনেটে অনুমোদনের অপেক্ষায়।



0 মন্তব্যসমূহ