জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক অনৈক্যের সুযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তবে যারা একসময় ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন তিনি ‘কালো’ করে ছাড়বেন। মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কথিত ‘আয়না ঘরে’ ব্যবহৃত চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়ে রেহানা আক্তার রানু বলেন, সম্প্রতি তিনি একটি আয়না ঘর এবং সেখানে ব্যবহৃত একটি চেয়ার দেখেছেন, যেখানে অতীতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। তিনি শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের শাস্তি প্রয়োগের দাবি জানান।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১টি পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, শহীদদের স্বজনরা বর্তমান পুলিশ প্রশাসন ও বিচারব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুলিশ অনেক আসামিকে গ্রেপ্তার করছে না এবং গ্রেপ্তারকৃতরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে। তারা কেবল তাদের সন্তান হত্যার সুষ্ঠু বিচার চান।
বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে রেহানা আক্তার রানু বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস হলেও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা সরকারকে যথাযথ সহযোগিতা করছেন না বলে বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে তিনি বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, তাই এনবিআরে ‘সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন। একইসঙ্গে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকির ওপর গুরুত্ব দেন।
ব্যাংক খাতের লুটপাটকারীদের সমালোচনা করে তিনি বলেন, কিছু ব্যক্তি ব্যাংক লুট করে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন, অথচ সাধারণ গ্রাহকরা নিজেদের টাকা তুলতে পারছেন না। তিনি এসব অর্থ আত্মসাৎকারীর সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। সরকারি হাসপাতালের সেবার মান ও নার্সদের অসদাচরণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব্যের শেষ দিকে তিনি জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, বর্তমানে সংসদে আগের মতো ‘মিউ মিউ’ ধরনের বিরোধী দল নয়, বরং সক্রিয় বিরোধী দল রয়েছে। আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন দলের দাবিকে ভিত্তিহীন অভিহিত করে তিনি ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের কথা উল্লেখ করেন।
সংসদে বিরোধী দলগুলোর ঐক্যের ডাক দিলেন বিএনপির এমপি রেহানা আক্তার রানু। শেখ হাসিনা ফিরলে জনজীবন অতিষ্ঠ করবেন বলে সতর্ক করে তিনি সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



0 মন্তব্যসমূহ