বিভাগীয় নগরী রংপুরে মাত্র পাঁচ ঘণ্টার অবিরাম বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর চারটা থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর অন্তত ৪০টি পাড়া-মহল্লা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার পরিবার। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল নয়টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর লালবাগ, ধাপ, নিউ জুম্মাপাড়া, মাস্টারপাড়া, কামারপাড়া, বাবুখাঁ ও গনেশপুরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এমনকি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এবং আবহাওয়া অফিসের ভেতরেও পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেক বাড়িতে আসবাবপত্র ও দোকানের মালামাল নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথগুলো ভরাট হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে শ্যামাসুন্দরী খালে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নগরবাসী জানান, ড্রেনগুলো পানি বহন করতে পারছে না এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
রংপুরে ৫ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ৪০ এলাকা প্লাবিত হয়ে ১৫ হাজার পরিবার পানিবন্দি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরজুড়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল ও সরকারি অফিস।



0 মন্তব্যসমূহ