মহাকাশ থেকে রাতের পৃথিবী দেখতে কেমন, সেই বিরল দৃশ্যের নতুন কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে মহাকাশচারীরা এই ছবিগুলো তুলেছেন। ছবিতে অন্ধকার পৃথিবীর বুকে উজ্জ্বল শহরের আলো, উপকূলরেখা এবং বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল স্পষ্টভাবে ফুটে উঠেছে।
নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যখন থাইল্যান্ড উপসাগরের ওপর দিয়ে যাচ্ছিল, তখন এই দৃশ্যগুলো ধারণ করা হয়। ছবিতে দেখা যায়, উজ্জ্বল আলোর ঘন অংশগুলো বড় শহর ও জনবসতি নির্দেশ করছে। অন্যদিকে, সরু আলোর রেখাগুলো মহাসড়ক ও বিভিন্ন দেশের সীমান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা যাচ্ছে। তবে সমুদ্র, মরুভূমি ও বনাঞ্চলের মতো এলাকাগুলো অন্ধকার দেখাচ্ছে, কারণ সেখানে কৃত্রিম আলোর ব্যবহার তুলনামূলক কম।
ছবিগুলোর কিছু অংশে নীল ও সবুজ রঙের ছোট ছোট আলোর বিন্দু দেখা গেছে। নাসা জানিয়েছে, এগুলো মূলত সমুদ্রের স্কুইড বা মাছ ধরার নৌকার আলো। এই আলো ছোট মাছ ও প্ল্যাঙ্কটনকে আকর্ষণ করে, যার ফলে স্কুইড জালের কাছে চলে আসে।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশ থেকে আলোকিত ও অন্ধকার অঞ্চলের এই পার্থক্য মহাদেশ ও বিভিন্ন দেশের আকৃতি বুঝতে সাহায্য করে। এছাড়া এই ছবিগুলো বিশ্বের কোথায় বিদ্যুতের ব্যবহার ও উন্নয়নের মাত্রা কেমন, তার একটি চিত্রও তুলে ধরেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা প্রায়ই পৃথিবীর রাতের এই দৃশ্যকে তাদের অন্যতম আকর্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
মহাকাশ থেকে রাতের পৃথিবী দেখতে কেমন? সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর কিছু বিরল ও চমৎকার ছবি প্রকাশ করেছে নাসা। যেখানে ফুটে উঠেছে শহর, মহাসড়ক ও সমুদ্রের আলোকচ্ছটা।



0 মন্তব্যসমূহ