ঈদুল আজহার দ্বিতীয় দিনের বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে পরিবার-পরিজন নিয়ে অসংখ্য মানুষকে ঈদ আনন্দ উপভোগ করতে দেখা যায়। কেউ হাঁটছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ঘোড়ার গাড়ি বা টমটমে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। কেবল ঢাকার বাসিন্দারাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছেন।
সংসদ ভবনের সামনে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ ছিল ঘোড়ায় চালিত টমটম গাড়ি। রঙিন কাপড় ও কাগজে সাজানো এসব গাড়িতে চড়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে সব বয়সী মানুষকে। সংসদ ভবন থেকে খামারবাড়ি গোলচত্বর ঘুরে এক রাউন্ড ভ্রমণের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। চালকরা জানান, সাধারণত তারা গুলিস্তান-সদরঘাট রুটে গাড়ি চালালেও ঈদের ছুটিতে বাড়তি আয়ের আশায় সংসদ ভবন এলাকায় এসেছেন।
অন্যদিকে, রাজধানীর জিয়া উদ্যানেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। উদ্যানের সবুজ ঘাসে শিশুদের ফুটবল খেলা ও দৌড়ঝাঁপ করতে দেখা যায়। কোরবানির ব্যস্ততা শেষে পরিবারের সদস্যদের নিয়ে একটু প্রশান্তির খোঁজে অনেকেই এখানে ভিড় করেছেন। সব মিলিয়ে ঈদের ছুটিতে রাজধানীর এই বিনোদন কেন্দ্রগুলো এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।
ঈদুল আজহার ছুটিতে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘোড়ার গাড়িতে ভ্রমণ আর শিশুদের খেলাধুলায় মেতে ওঠার মধ্য দিয়ে কাটছে ঈদের আনন্দ।



0 মন্তব্যসমূহ