রাধিকামোহন মৈত্র ছিলেন রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়ির কৃতী সন্তান, যিনি ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সঙ্গীতসাধনা এবং উত্তরাধিকার নিয়ে একটি সাক্ষাৎকারে আলোকপাত করেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন খান মো. রবিউল আলম।
সোমজিৎ দাশগুপ্ত জানান, রাধিকামোহন মৈত্র আট কোচের স্যালুন ট্রেনে চড়ে রাজশাহী থেকে সারা ভারতবর্ষ ভ্রমণ করতেন। ব্রডগেজ লাইনে চলা এই ট্রেনটি বর্তমান পাকিস্তানের ল্যান্ডিকোটাল পর্যন্ত যেত। সেখান থেকে আফগান শাহের আমন্ত্রণে খাইবার পাসের মধ্য দিয়ে ছোট গাড়ি বা রেলগাড়িতে করে তিনি কাবুল পর্যন্ত ভ্রমণ করতেন। ফেরার পথে করাচি এবং রাজস্থানের ভেতর দিয়ে জয়পুর ও আহমেদাবাদ পর্যন্ত তাঁর সাংগীতিক সফর পরিব্যাপ্ত ছিল।
তাঁর জীবন ছিল সর্বভারতীয় সঙ্গীতচর্চা ও পারফরম্যান্সের জীবন। মৈত্র পরিবার শিল্পীদের বিশেষভাবে সহায়তা করতেন এবং শিল্পীদের পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাধিকামোহন মৈত্র প্রথম দিকে শিল্পীদের দুহাত ভরে পারিশ্রমিক ও দক্ষিণা দিলেও পরবর্তী সময়ে নিজে যৎসামান্য দক্ষিণা নিয়ে গানবাজনা করেছেন। সত্যজিৎ রায় তাঁর জীবনের ওপর একটি তিন ঘণ্টার জীবনীমূলক ডকুমেন্টারি করতে চেয়েছিলেন, যা দিয়ে তাঁর জীবনের তিনটি পর্ব ধরার পরিকল্পনা ছিল। তিনি তিন যুগ ধরে সঙ্গীত সেবা দিয়ে গেছেন।
দেশভাগের পর এবং জমিদারি প্রথা উচ্ছেদের পর তাঁদের সর্বহারার মতো অবস্থা হয়েছিল। জমিদারি প্রথা উচ্ছেদের আগে তাঁদের দুই থেকে আড়াই লাখ টাকা খাজনা উঠত। তাঁদের দুই বাড়িতে অনেক বইপত্র ও রেকর্ডিংয়ের সংগ্রহ ছিল। ব্রজেন্দ্রমোহন মৈত্রের একটি প্রথম যুগের সিলিন্ডার রেকর্ড প্লেয়ার ছিল, যা ডালহৌসি স্কোয়ারের একটি কোম্পানি থেকে কেনা হয়েছিল। মৈত্র পরিবার কলকাতার সব শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে আড্ডা জমাতেন এবং তাঁদের অনেককে রাজশাহীতে নিয়ে যেতেন।
কাজী নজরুল ইসলামের সঙ্গে রাধিকামোহন মৈত্রের স্মৃতির কথা বলতে গিয়ে সোমজিৎ দাশগুপ্ত জানান, নজরুল ইসলামের মেগাফোন কোম্পানির অফিসে রাধিকামোহন মৈত্রের একটি সরোদ তাঁর ছবির পাশে রাখা থাকত। কাজী নজরুল ইসলামের অনুরোধে ওস্তাদ আমীর খাঁ রাধিকামোহন মৈত্রের সরোদে এক পিঠে পাহাড়ি আর অন্য পিঠে কাফির একটি দুষ্প্রাপ্য রেকর্ড করেছিলেন।
রাধিকামোহন মৈত্র রেকর্ডিংয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না এবং একাগ্রভাবে সঙ্গীতের ভেতর ডুবে থাকতে ভালোবাসতেন। ফলে তাঁর মাত্র দু–তিনটি ছোট ডিস্ক পাওয়া যায়। তাঁর প্রয়াণের পর সঙ্গীত নাটক একাডেমি দুটি, অল ইন্ডিয়া রেডিও দুটি এবং একটি প্রাইভেট কোম্পানি রেকর্ড প্রকাশ করেছে।
শিক্ষাজীবনে রাধিকামোহন মৈত্রের প্রথম পাঠ হয়েছিল গৃহশিক্ষক গোষ্ঠ বিহারী মজুমদারের কাছে। ১২ বছর বয়সে তাঁকে ক্লাস নাইনে ভর্তি করানো হয় এবং ১৪ বছর বয়সে তিনি মাধ্যমিক পাস করেন। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রে গ্র্যাজুয়েশন ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি দর্শনশাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি এমএএলবি ডিগ্রি অর্জন করেন এবং অতিথি শিক্ষক হিসেবে রাজশাহী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন।
তাঁর সাথে সত্যেন্দ্রনাথ বসু, সৈয়দ মুজতবা আলী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের বিশেষ সখ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল। পড়াশোনা শেষে বাবার অনুরোধে তিনি রাজশাহী কোর্টে কিছুদিন আইন প্র্যাকটিস করেছিলেন। দেশভাগের আগে রামপুর-বোয়ালিয়া মিউনিসিপ্যালিটির একটি ওয়ার্ডের দায়িত্ব পালনকালে তিনি সুপেয় পানি, রাস্তাঘাট সংস্কার এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কাজ করেন। পরবর্তীতে তিনি সংগীতে পুরোপুরি মনোনিবেশ করেন।
ভারতবর্ষজুড়ে রেডিও স্টেশন প্রতিষ্ঠায় তাঁর বিশেষ ভূমিকা ছিল। তিনি ভোপাল রেডিও স্টেশনে ভোপালি তোড়ি বাজিয়ে স্টেশন উদ্বোধন করেছিলেন। এছাড়া মাদ্রাজ মিউজিক একাডেমি, বোম্বে, করাচি, ঢাকা, শ্রীনগর, শিলচর ও গুয়াহাটি রেডিও স্টেশনে কাজ করেছেন। ভারত সরকারের অনুরোধে তিনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, চীন, আফগানিস্তান এবং ব্যক্তিগতভাবে আমেরিকা সফর করেছেন।
১৫ বছর বয়সে রাধিকামোহন মৈত্র শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে তাঁর পছন্দের রাগ ইমন কল্যাণ দেড় ঘণ্টার মতো বাজিয়েছিলেন। তাঁর সেই বাদন শুনে রবীন্দ্রনাথ ঠাকুর সাধু সাধু বলে প্রশংসা করেছিলেন এবং তাঁকে একটি সেতার উপহার দিতে চেয়েছিলন, যা পরে অনিলকুমার চন্দর কাছে রাখার সিদ্ধান্ত হয়েছিল।
উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত সাধক ও সরোদবাদক রাধিকামোহন মৈত্রের বর্ণাঢ্য জীবন, সঙ্গীতসাধনা এবং নানা স্মৃতি নিয়ে জীবনীকার ও শিষ্য সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার।



0 মন্তব্যসমূহ