দেশের অন্যতম জীবনবাদী সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী তাদের প্রতিষ্ঠার অর্ধশতাব্দী বা ৫০ বছর পূর্ণ করেছে। এই বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে ‘গাই মাটির গান, শ্রমের গান, মুক্তির গান’ শীর্ষক স্লোগানে বর্ণাঢ্য গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার বিকেল চারটায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। জন্মলগ্ন থেকেই সংগঠনটি দেশজ সংস্কৃতির লালন, বিকাশ এবং যুগপ্রাচীন ঐতিহ্য ধারণ ও সংরক্ষণে কাজ করে আসছে। পাশাপাশি জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়মিতভাবে ‘ঋষিজ পদক’ প্রদান করে থাকে তারা। এবারের অনুষ্ঠানে মোট তিন জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন অভিনয়ে লাকী ইনাম, সংগীত ও সংস্কৃতিতে মিনা মিজানুর রহমান এবং প্রামাণ্যচিত্র নির্মাণ ও অভিনয়ে কাওসার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ১৯৭৬ সাল ছিল বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়, যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো পদদলিত হয়েছিল। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের গান নিয়ে ঋষিজের মতো সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ তাঁকে এখনো বিস্মিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন খায়রুল আলম সবুজ এবং সংগীত গবেষক ও শিক্ষক সাইম রানা। পুরো আয়োজনটি প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীর, শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং ছড়াকার আমীরুল ইসলামের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়। ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি বেগম সুরাইয়া আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের দ্বিতীয় পর্বে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
৫০ বছর পূর্তি উদ্যাপন করল সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ