উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যিক নীতির অভিযোগে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ ও বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। ইউএসটিআরের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের নীতির ক্ষেত্রে পাঁচটি নির্দিষ্ট বিষয়কে অযৌক্তিক কার্যক্রম ও নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, মূল উৎপাদন খাতগুলোর সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য শিল্প পরিকল্পনা গ্রহণ, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ প্রণোদনা প্রদান, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা, আর্থিক দমনমূলক নীতি অনুসরণ এবং নন-মার্কেট ইকোনমি বা অপ্রচলিত বাজার অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থ হওয়াকে শুল্ক আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এসব নীতির কারণে যুক্তরাষ্ট্র ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ সীমিত হয়ে পড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের কর্মসংস্থান, রপ্তানি ও বিনিয়োগ হ্রাসের মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক বা অ্যাপারেল খাতে অ-বাজার অর্থনীতির কাঁচামালের ওপর নির্ভরতা মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার মন্তব্য করেছেন যে, দীর্ঘ সময় ধরে বিভিন্ন বাণিজ্যিক অংশীদার মজুরি ও শ্রম দমন, আর্থিক সহায়তা এবং বাজার বিকৃতকারী নীতির মাধ্যমে নিজেদের অনুকূলে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখছে, যা মার্কিন উৎপাদন ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। জি-৭, জি-২০ কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থার বিবৃতিতে কোনো পরিবর্তন না আসায় প্রেসিডেন্ট ট্রাম্প এই অন্যায্য নীতিগুলো দূর করার জন্য এই পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেছেন।
উৎপাদন খাতের অতিরিক্ত সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যিক নীতির অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।



0 মন্তব্যসমূহ