নিজস্ব প্রতিবেদক:
পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ; নাশকতার অপচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি ছাত্রনেতাদের।
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মশাল মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা ছাত্রদল।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের নেতৃত্বে উপজেলার টিএনটি অফিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী বড় মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতাও দেশ ছেড়ে পালিয়েছেন। দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরাও এখন রাজপথে নেই। তাঁরা আড়ালে থেকে অর্থের বিনিময়ে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাতের অন্ধকারে ভাড়াটে সন্ত্রাসী ও কিশোর গ্যাং ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্রসমাজ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
সমাবেশ থেকে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কোথাও নাশকতার সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
এ ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান ছাত্রনেতারা।
পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের সভাপতিত্বে এবং আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক তানিম, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সহসভাপতি রিফাতুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সাইফুল ইসলাম ও আবু বক্কর।
এ ছাড়া কলেজ ছাত্রনেতা সরওয়ার আলম, আরিফ, হুমায়ুন, আলী আব্বাস, নেজাম ও ফরহাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে বক্তারা আওয়ামী লীগের কথিত নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালী পৌরসভায় মশাল মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা ছাত্রদল। সোমবার রাতে তারেকুর রহমানের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



0 মন্তব্যসমূহ