চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একটি বক্তব্য ঘিরে দেশ ও প্রবাসে বসবাসকারী বাঁশখালীবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বাঁশখালীর তরুণদের সন্ত্রাসী ও মামলাবাজ হিসেবে অভিহিত করে দেওয়া তার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সমালোচনার সূত্রপাত হয়। বুধবার নগরের ঈদগাঁহ রূপসা বেকারি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই মন্তব্য করেন। সে সময় তিনি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার ওই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবাদকর্মীরা প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় একটি পুরো উপজেলার ঐতিহ্যবাহী জনগোষ্ঠী বা তরুণ সমাজের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তীব্র প্রতিবাদের মুখে বুধবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাঁশখালী নিয়ে দেওয়া মন্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং তিনি মূলত সাহসী শব্দটি বোঝাতে চেয়েছিলেন। এই মন্তব্যে বাঁশখালীর মানুষ কষ্ট পাওয়ায় তিনি আন্তরিকভাবে ব্যথিত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান।
বাঁশখালীর তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশজুড়ে সমালোচনার মুখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।



0 মন্তব্যসমূহ