জুলাই বিপ্লবের বীর সেনানীদের চিকিৎসা ও যথাযথ মূল্যায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শনিবার বিকেলে বান্দরবান শহরে ‘জুলাই সনদ বাস্তবায়ন’-এর দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। জামায়াত নেতা মাওলানা এটিএম মাসুম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে জনগণ স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করতে পেরেছে, তারা বর্তমান সরকারকে ১৫ বছর তো দূরের কথা, এক বছর সময়ও দেবে না। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের আহত যোদ্ধাদের সুচিকিৎসার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো তাদের নিয়ে উপহাস করা হচ্ছে। সরকারের বর্তমান অবস্থানকে আওয়ামী লীগের একদলীয় শাসনের সাথে তুলনা করে তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে এই সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে ঝুঁকির মুখে ফেলছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক। জেলা আমীর আব্দুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হামেদ হাসান, বান্দরবান পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনর রশিদ এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের চিকিৎসা ও সঠিক মূল্যায়নে বর্তমান সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন জামায়াত নেতা মাওলানা এটিএম মাসুম। বান্দরবানে আয়োজিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।



0 মন্তব্যসমূহ