চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাহীন কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ি) এলাকার মো. মজিবের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শাহীনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহীন বিভিন্ন মামলার আসামি এবং তিনি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের খুলশীতে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



0 মন্তব্যসমূহ