চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সম্প্রতি উপজেলার বাহারছড়া ও পুঁইছড়ি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার প্রায় ৩৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। স্থানীয় মানবাধিকার কর্মী মাহির শাহরিয়ার রহমানের সঞ্চালনায় এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন বিএইচআরএফের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ডের পরিচালক এডভোকেট সৈয়দ মোঃ হারুন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি এডভোকেট জসিমউদদীন, এডভোকেট হাসান আল বান্নাহ ও এডভোকেট শান্তনু চৌধুরীসহ অন্যান্য মানবাধিকার কর্মীরা। ত্রাণ বিতরণের পাশাপাশি ২০২৬ সালের বন্যা ও জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে একটি সরেজমিন সমীক্ষা চালায় সংস্থাটি। মানবাধিকার কর্মী এডভোকেট কে এম শান্তনু চৌধুরী ও ক্যাপ্টেন সৈকত মোহাম্মদ রিফাত এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে বন্যার প্রধান কারণ হিসেবে স্বাভাবিক পানিপ্রবাহে বাধা ও অতিরিক্ত বৃষ্টিপাতকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খাল দখল, স্লুইস গেটের অব্যবস্থাপনা, পাহাড় থেকে আসা পলি এবং অপরিকল্পিত বসতি স্থাপনের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া মাছ চাষের জন্য নদী ভরাট ও বাঁধ নির্মাণকেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার জন্য দায়ী করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানিয়েছে বিএইচআরএফ।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএইচআরএফ। একইসঙ্গে বন্যার কারণ ও প্রতিকার নিয়ে একটি সরেজমিন মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।



0 মন্তব্যসমূহ