রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সোমবার (২৯ জুন) তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ডা. আনম মনোয়ারুল কাদির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন এবং তার শুভকামনার বার্তা পৌঁছে দিয়েছেন। দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হিসেবে রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক রফিকুল ইসলাম মিয়ার পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ২০১৮ সাল থেকে তিনি মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। বর্তমানে তিনি চিকিৎসক ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে রয়েছেন। উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন এই প্রবীণ আইনজীবী।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দ্রুত সুস্থতা কামনায় হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি।



0 মন্তব্যসমূহ