বাংলাদেশে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে একটি নতুন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। ‘এমপাওয়ারিং সিভিল সোসাইটি ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রটেকশন’ নামের এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ওয়েল্ট হাঙ্গার হিলফে (ডব্লিউএইচএইচ), এডুকো, মানুষের জন্য ফাউন্ডেশন ও উত্তরণ।
রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত জাতীয় পর্যায়ের কর্মশালায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে ফলাফলের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। দেশের মানুষের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এডউইন কোকেক বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবাধিকার উন্নয়নে নাগরিক অংশগ্রহণ জোরদারে ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জোনাস উইয়াহল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘস্থায়ী পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই প্রকল্পের লক্ষ্য অর্জনে নাগরিক সমাজ ও স্থানীয় সরকারের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশের হেড অব প্রজেক্ট আফসারী বেগম। এডুকো বাংলাদেশের হেড অব প্রোগ্রাম তাজিন হোসেনের সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রেজওয়ানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মো. মনিরুল ইসলাম। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় নেতৃত্বাধীন জলবায়ু কার্যক্রম এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করা হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তৃণমূলের নাগরিক সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।



0 মন্তব্যসমূহ