চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজীবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিক ও তার বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পৈতৃক ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ভাই-বোনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে চিৎকার শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে এসে দরজার পাশে রফিকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে নিহতের সন্তানরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে শুক্রবার সকালে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত বোন রাজু বেগমকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত বোন রাজু বেগমকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ।



0 মন্তব্যসমূহ