ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হাড়িখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নববিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন শান্ত। পথে চট্টগ্রামমুখী একটি লরি সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে আঘাত করে। এতে স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছিলেন শান্ত। তার অকাল মৃত্যুর খবর শুনে বাবা কৃষ্ণ চন্দ্র শীল হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হাইওয়ে পুলিশ ইলিওটগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) জাকির সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিকিৎসক শান্ত চন্দ্র শীল। লরির ধাক্কায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।



0 মন্তব্যসমূহ