জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ’। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ এবং রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটের (আরআইটি) প্রতিনিধি একরাম উদ্দিন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনি প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার নিয়ে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও নীতিনির্ধারকেরা মতবিনিময় করবেন। ঢাকাভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আরআইটি, ডাকসু, ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী পর্বে জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক এইচ এম মোশারফ হোসাইন বক্তব্য দেবেন। সম্মেলনে পাঁচটি প্যানেল আলোচনায় ১৫ জনের বেশি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেবেন। এছাড়া বাছাই করা ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। প্রথম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন আরআইটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইসমাইল এবং সম্মেলনের ঘোষণা পাঠ করবেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুল্লাহ। সমাপনী বক্তব্য দেবেন আরআইটির নির্বাহী পরিচালক একরাম উদ্দিন।
আগামী ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। দেশ-বিদেশের গবেষক ও নীতিনির্ধারকেরা এতে অংশ নিয়ে বাংলাদেশের সংস্কার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।



0 মন্তব্যসমূহ