আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার লক্ষ্যে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিএনপি ও জামায়াতপন্থী শীর্ষ আইনজীবীদের প্রাধান্য দেওয়া হয়েছে। পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাডহক কমিটির সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। এছাড়া জামায়াতপন্থী দুই আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। কমিটিতে এনসিপি থেকে স্থান পেয়েছেন মোহাম্মদ হোসেন লিপু। গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৪-এর ক্লজ (২) অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই অ্যাডহক কমিটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে এই কমিটিতে বিএনপি ও জামায়াতপন্থী শীর্ষ আইনজীবীরা স্থান পেয়েছেন।



0 মন্তব্যসমূহ