লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দের তালিকায় জনস্বার্থহীন প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী স্বাক্ষরিত ওই শোকজ চিঠিতে আগামী ৭ জুনের মধ্যে আরজুকে ঘটনার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ চিঠি ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দের তালিকায় আরজু 'নুরনবী চৌধুরী জামে মসজিদ' নামে একটি প্রতিষ্ঠানের নাম যুক্ত করেন। এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের নামে ৩ লাখ টাকা বরাদ্দ আসে। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে সেখানে কোনো জামে মসজিদ নেই; কেবল পুকুর পাড়ে নামাজের একটি মাচা সদৃশ স্থান রয়েছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আরজুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। এদিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিকের বিরুদ্ধেও একই পদ্ধতিতে বরাদ্দ নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতারা। তবে অভিযুক্ত নুর হোসেন চৌধুরী আরজু দাবি করেছেন, তার মসজিদ ও প্রয়োজনীয় জনবল রয়েছে। সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ভুয়া মসজিদের নামে উন্নয়ন বরাদ্দ চাওয়ায় চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজুকে শোকজ করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নিয়েছে উপজেলা বিএনপি।



0 মন্তব্যসমূহ